ইন্টারনেটের যুগে ছাপা পত্রিকার ভবিষ্যৎ নাকি অন্ধকার। গত ১০ বছর ধরে এমন ফিসফিসানি চলছে মিডিয়ার অন্দরমহলে। নানা সেমিনারে বিষয়টি ফিসফিসানি ছেড়ে কোলাহলেও রূপ নিয়েছে কখনো কখনো। পশ্চিমে দুযেকটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়াও হয়তো এর পক্ষে সাক্ষ্য দেয়। তবে এবার এ ভবিষদ্বাণী করে বসেছেন স্বয়ং রুপার্ট মার্ডক।
তিনি বলছেন, আগামী ১০ বছর পর ছাপা পত্রিকা আর থাকবে না। ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরেই নাকি হারিয়ে যাবে এই মাধ্যমটি। গত বৃহস্পতিবার বৃটেনে এ কথা বলেন তিনি। তার মালিকানাধানী নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারীর কারণে বৃটেনে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের যে চিন্তাভাবনা শুরু হয়েছে সে বিষয়েও সতর্ক করেন মার্ডক। তিনি বলেন, “প্রযুক্তির কারণে আমরা একটা জটিল অবস্থায় আছি। এর কারণে আমাদের ভুগতে হচ্ছে। তাই আইন বানানোর সময় একটু সতর্ক থাকার অনুরোধ করছি।“
সব ইন্টারনেটের কারণে পত্রিকা চরম চাপে রয়েছে বলেও মন্তব্য করেন মার্ডক। ইন্টারনেটের কারণে পত্রিকাগুলোর লাভ কমে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “সব পত্রিকাই ভালো চলছিল। প্রযুক্তির কারণে এগুলো শেষ সীমায় চলে যাচ্ছে। নিশ্চিত ভাবে আরো ১০ বছর পত্রিকা ও ইন্টারনেট এক সঙ্গে থাকবে। তবে ২০ বছরের মাথায় গিয়ে পত্রিকাগুলোর প্রচার সংখ্যা হবে নগণ্য।“
অর্থের অভাবে কিছু দৈনিকের সাম্প্রতিক সময়ে সাপ্তাহিকে বদলে যাওয়ার উদাহরণও দেন মার্ডক। মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক বৃটেনের তিনটি দৈনিকের মালিক- দ্য সান, টাইমস ও সানডে টাইমস। এছাড়া অস্ট্রেলিয়ায় প্রায় দেড়শ জাতীয় ও স্থানীয় পত্রিকার মালিকানাও তার। তিনি আমেরিকার নিউ ইয়র্ক পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালেরও মালিক।
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.