“এপ্রিল ফুল এর ইতিহাস বড়ই বেদনাদায়ক। এখন থেকে প্রায় ৫০০ বছর পূর্বে স্পেন ছিল মুসলিমদের দেশ। এই দেশটি মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল প্রায় আট শত বছর। … তখন তারা মুসলমানদেরকে বলেছিল, যারা মসজিদে অথবা জাহাজে আশ্রয় নিবে তাদেরকে হত্যা করা হবে না। মুসলমানরা কোন উপায় না দেখে তাদের কথা মানলেন। তখন তারা আগের পরিকল্পনা অনুযায়ী মসজিদে আগুন জ্বালিয়ে দিল আর জাহাজ ডুবিয়ে দিল।”
ফেইসবুকে দু-তিনদিন ধরে এপ্রিল ফুল ডের এই ইতিহাস প্রচার চলছে। একটি ছবিও এর সঙ্গে থাকছে যাতে বলা হচ্ছে, “মুসলিম হলে এপ্রিল ফুল ডেকে না বলুন।” কেন? কারণ ওই পাচশ বছর আগে এদিন মুসলিমদের বোকা বানিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু আসলেই কি ঘটনা তাই?
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, খৃস্টপূর্ব অষ্টম শতকে রোমান সাম্রাজ্যে এক উৎসবকে বিবেচনা করা হয় এই এপ্রিল ফুল ডের পূর্বসূরী হিসাবে। আর মধ্যযুগ থেকে স্পেনে চলা বোকাদের এক উৎসবকেও ধরা হয় এর পূর্বসূরী। রোমান সাম্রাজ্যে দিনটি পালিত হতো ২৫ মার্চ, স্পেনে ২৮ ডিসেম্বর।
ফেইসবুকে মুসলিমদের আহ্বানটি জানিয়েছেন নাজিম উদ্দিন নামে এক তরুণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র এ ছাত্রের বসবাস সিলেটে। শনিবার রাত সোয়া ১১টার দিকে শেয়ার করা এই আহ্বানটি এক ঘণ্টায় পছন্দ করেছেন একশ ৩৪ জন।
তার এই প্রচার কতোটা তথ্যনির্ভর? জানা মতে, ১৯৯৭ সাল থেকে এই ধরনের প্রচার চলছে বিশ্বজুড়ে। অ্যানসারিং-ইসলামডটওআরজি বলছে, স্পেনের যে ঘটনার কথা বলে এ প্রচার চলছে তার পক্ষে কোনো ধরনের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.