ফেইসবুকে কতজন ফ্রেন্ড আছে আপনার? তিনশ, চারশ, পাচশ, হাজার? এই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে দিনে কয়বার স্ট্যাটাস আপডেট করেন? এসব প্রশ্নের জবাব অন্য কাউকে দিতে চান না- তাতে সমস্যা নেই।
নিজেকে নিজে জবাবগুলো দিন। তারপর আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষার সঙ্গে মনে মনে মিলিয়ে দেখুন। দেখুন তো আপনারও নিজেকে আত্মকেন্দ্রিক বা আত্মপ্রেমী মনে হয় কি না। আমেরিকার ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটির এক সমীক্ষার ফল বলছে দুটি বিষয়। প্রথম আপনার বন্ধু সংখ্যা যদি বেশি হয় ফেইসবুকে, দ্বিতীয়ত আপনি যদি ঘনঘন স্ট্যাটাস আপডেট দেন; তাহলে ধরে নিতে হবে আপনি আত্মকেন্দ্রিক।
গবেষণাটি সম্প্রতি পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামের জার্নালে বেরিয়েছে। এ সমীক্ষা চালানো হয় তিনশ মানুষের ওপর। এতে দেখা গেছে যাদের বন্ধু বেশি তারা ফেইসবুকে নিজেদের ছবিতে বেশি ট্যাগ করেন। তারা স্ট্যাটাস আপডেটও বেশি দিয়ে থাকেন।
সমীক্ষাটি যিনি চালিয়েছেন সেই ক্রিস কার্পেন্টার ম্যাশ্যাবলডটকমকে বলেন, নিজেদের প্রচার চালান এমন ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে আত্মপ্রেমের দুই ধরনের আচরণ দেখা যায়। এদের মধ্যে একদল আছেন যারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। আর একদলের আচরণে দেখা যায় তারা নিজেদের শ্রদ্ধা/সম্মানের যোগ্য ভাবেন। এবং তা পেতে যা দরকার তারা তাই করার মানসিকতা রাখেন।
বন্ধুর এই সংখ্যা আর স্ট্যাটাসভিত্তিক আত্মপ্রেম নিরূপণ পদ্ধতিকে ধ্রুব বলছেন না গবেষক। তবে একটি বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, খেয়াল করে দেখবেন এই ধরনের মানুষেরা [সোশ্যাল মিডিয়ায়] কথা বলার সময় প্রায়ই ‘আমি’ বা ‘আমরা’ শব্দটি ব্যবহার করছে।
দুবছর আগেও এক সমীক্ষায় ফেইসবুককেন্দ্রিক আত্মপ্রেমের বিষয়টি উঠে এসেছিলো। সে সময় ইয়র্ক ইউনিভার্সিটির একজন একশ মানুষের ওপর সমীক্ষা চালিয়েছিলেন।
উৎস :: ম্যাশ্যাবলডটকম
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.